
নিউজ ডেস্কঃ বীমাখাত উন্নয়নে দেশে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক ক্ষুদ্রবীমা সম্মেলন। আগামী ৪-৮ নভেম্বর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। এ সময় বিআইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. রুবিনা হামিদ, ভাইস প্রেসিডেন্ট মনিরুল আলম এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোজাফফর হোসেন পল্টু, পিকে রয় ও আদিবা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাবিশ্বের বীমার উন্নয়নে কাজ করা জার্মানভিত্তিক মিউনিক রি-ফাউন্ডেশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সার্বিক সহায়তা করবে লুক্সেমবার্গভিত্তিক মাইক্রো ইন্স্যুরেন্স নেটওয়ার্ক (এমআইএন)। সম্মেলনে বিশ্বের ৪০-৪৫টি দেশের ৪৫০ জন প্রতিনিধি ও বীমা বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন। যেখানে দেশের বীমাখাতের বিশেষজ্ঞদের অংশগ্রহণে ২০ সেশন অনুষ্ঠিত হবে।