
নিউজ ডেস্কঃ শিরোনামে ঢাকার ক্লাবপাড়া। যারা ক্যাসিনো-জুয়া-হাউজি ইত্যাদি দিয়ে কোটি কোটি টাকা আয় করে, খেলার মাঠে তাদের অবস্থা কী! মোহামেডান ১৭ বছর ধরে লিগ জেতে না, ভিক্টোরিয়া-ওয়ান্ডারার্সের মতো ক্লাবগুলোর নাম তো মানুষ প্রায় ভুলতেই বসেছে। ইয়ংমেনস ফকিরেরপুল এক সময় ছিল দেশের ফুটবলে তরুণ প্রতিভা জোগান দেওয়ার কারখানা। এ প্রজন্ম জানে না দিলকুশা স্পোর্টিং এক সময় দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলত। ক্যাসিনো-সংস্কৃতি এ ক্লাবগুলোতে খেলাধুলাকে পরিণত করেছে অনগ্রাধিকারের বিষয়ে। মোহামেডান, ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, ইয়ংমেনস, দিলকুশা, আরামবাগ—বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নামকরা এই ক্লাবগুলোর মাঠের অবস্থা কী, সেদিকে চোখ ফেরালে শঙ্কিতই হবেন খেলাপ্রেমীরা। খেলার ক্লাবে ক্যাসিনো দেখে দেশের মানুষ অবাক। গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখলে বিভ্রম হতে পারে বিদেশের কোনো নাইটক্লাব ভেবে।