
নিউজ ডেস্কঃ ঢাকা, জাহাঙ্গীরনগর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দেশের ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধেও তদন্ত চলছে। তদন্তের পর কমিশন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবে। ইউজিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত গুছিয়ে এনেছে ইউজিসি। অন্যদের বিরুদ্ধেও তদন্ত অব্যাহত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করছে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা। এ দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে ওঠা অনিয়মের প্রাথমিক অনুসন্ধান শেষে পূর্ণাঙ্গ তদন্তে নামা হবে বলে জানা গেছে। সর্বশেষ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে ইউজিসি।