
নিউজ ডেস্কঃ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ১২ টা থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে। ভর্তিচ্ছুরা টেলিটক সিমের (প্রিপেইড) মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন। আগামী ১৬ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন এবং ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (http://www.dghs.gov.bd/index.php/bd/) অনলাইনে ফরম পূরণসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। ২০১৬ ও ২০১৭ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানে উত্তীর্ণরাই কেবল ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সব দেশি ও বিদেশি শিক্ষাকার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯ হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষার জিপিএ-৩ দশমিক ৫ এর কম হতে পারবে না। ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভুল প্রতিটি উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর করে কাটা যাবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।