News71.com
 Bangladesh
 24 Sep 19, 07:35 PM
 87           
 0
 24 Sep 19, 07:35 PM

পদ্মায় অর্থায়ন না করে ভুল স্বীকার বিশ্বব্যাংকের॥ ওবায়দুল কাদের

পদ্মায় অর্থায়ন না করে ভুল স্বীকার বিশ্বব্যাংকের॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ পদ্মা সেতুতে অর্থায়ন না করে ভুল করেছে, সেটা বিশ্বব্যাংক স্বীকার করেছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। জাতিসংঘ ও বিশ্বব্যাংক যৌথভাবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়ক নিরাপত্তায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। শিগগিরই এ লক্ষ্যে প্রকল্প প্রণয়নসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে যাচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ঝিনাইদহ থেকে ভোমরা ও ঝিনাইদহ থেকে হাটিকুমরুল পর্যন্ত ২৬০ কিলোমিটার নতুন করে চার লেন সড়ক নির্মাণ করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঝিনাইদহ থেকে ভোমরা পর্যন্ত ১৬০ কিলোমিটার চার লেন সড়ক নির্মাণে বিশ্বব্যাংক অর্থায়ন করবে। আর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইডিবি) ঝিনাইদহ থেকে হাটিকুমরুল পর্যন্ত ১০০ কিলোমিটার সড়ক নির্মাণে অর্থায়ন করবে। তারা রোড সেফটিকে প্রাধান্য দিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে এসেছে।

বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে হঠাৎ করে সরে গেলে তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। তারপর বিশ্বব্যাংক নতুন করে আবার যাতায়াত শুরু করতে চায়। তারা বিনিয়োগ করতে চায়, প্রথমে তারা নিরাপদ সড়ক নিয়ে কাজ শুরু করতে চায়। এদের সঙ্গে জাতিসংঘও রয়েছে। ওবায়দুল কাদের বলেন, সড়ক নিরাপত্তা নিয়ে যা অর্থায়ন করা দরকার, তা বিশ্বব্যাংক করবে। জাতিসংঘও তাদের সঙ্গে অর্থায়ন করবে। তিন বছরের পরিকল্পনায় বাংলাদেশের রোড সেফটির বিষয়টিতে একটি দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসতে পারবেন বলে মনে করছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। পদ্মা সেতুতে অর্থায়ন না করে ভুল করেছে, সেটা বিশ্বব্যাংক স্বীকার করেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে বৈরী সম্পর্ক রাখতে চাই না। আগে যা হওয়ার হয়ে গেছে। আমরা তাদের নতুন প্রস্তাবে সাড়া দিচ্ছি। তারা বলেছে, বাংলাদেশের সঙ্গে তারা নতুন করে কাজ করবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন