
জাবি প্রতিনিধিঃ জাবি উপাচার্য ফারজানা ইসলামকে কালো পতাকা প্রদর্শন করে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর'র ব্যানারের আন্দোলনকারী শিক্ষক- শিক্ষার্থীরা বলেছেন, 'দুর্নীতির দায় নিয়ে নিজে পদত্যাগ করুন, বিশ্ববিদ্যালয়কে বাঁচান। দিন দিন স্বৈরাচারী হয়ে উঠছেন, স্বৈরাচারী আচরণ করে আপনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।' মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে 'দুর্নীতিবাজ' আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা ও পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক কর্মসূচিতে তারা এসব কথা বলেন। আজ কালো পতাকা প্রদর্শন শেষে উপাচার্যের পদত্যাগের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' আন্দোলনের অন্যতম মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। কর্মসূচিতে রয়েছে আগামীকাল (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্যকে তিরস্কার ও মানববন্ধন, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক জাকির হোসেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ফজলুল করীম পাটোয়ারী, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক তারেক রেজা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ প্রমুখ। এছাড়া কর্মসূচিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অপরিকল্পনার অভিযোগ এনে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলন চলা অবস্থায় চাপের মুখে গত ১২ সেপ্টেম্বর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলোচনায় তোপের মুখে দুটি দাবি মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবিটি অমীমাংসিত রেখেই শেষ হয় সেদিনের আলোচনা সভা। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বরে আবারও আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। কিন্তু আলোচনা সভা ফলপ্রসূ না হওয়ায় উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা ও আগামী ১ অক্টোবরের মধ্যে পদত্যাগের দাবি জানান তারা