
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে শপিং কমপ্লেক্সের বেইজমেন্ট (কার পার্কিং) এলাকায় রাজউকের অনুমোদন ব্যতীত দোকান নির্মাণ করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো: সাইফুল ইসলাম ও উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সমন্বয়ে গঠিত টিম রাজউক জোন-৩ এর অথরাইজড অফিসার মুকিদ ইহসান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আজ তিনটি মার্কেটে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, শাহ আলী শপিং কমপ্লেক্স, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স ও বাগদাদ শপিং কমপ্লেক্সের বেইজমেন্ট/কার পার্কিং এলাকায় রাজউকের অনুমোদন ব্যতীত দোকান নির্মাণ করে জায়গা বিক্রি করা হয়েছে। যানবাহন পার্কিং করার জন্য নির্ধারিত জায়গায় দোকানপাট নির্মাণ করায় আগত ক্রেতারা রাস্তার উপর তাদের যানবাহন পার্কিং করে রাখছেন। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এসব নকশা বহির্ভূত অংশ এবং কার পার্কিং এরিয়া থেকে দোকান উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দুদক টিমের পক্ষ থেকে রাজউকের অথরাইজড অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।