News71.com
 Bangladesh
 24 Sep 19, 02:01 PM
 102           
 0
 24 Sep 19, 02:01 PM

ক্লাবের জন্য জুয়ার আসর বৈধ করা যাবে না॥ চট্টগ্রাম সিটি মেয়র

ক্লাবের জন্য জুয়ার আসর বৈধ করা যাবে না॥ চট্টগ্রাম সিটি মেয়র

নিউজ ডেস্কঃ ক্লাবে জুয়ার বোর্ড বসানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, জুয়া, মদ ও ক্যাসিনোর আসর বসিয়ে ক্লাব পরিচালনার কথা কোথাও বলা নেই। সংবিধানে জুয়া নিষিদ্ধ। এটা বৈধ করার সুযোগ নেই। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আমানবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিভিন্ন ক্লাবে চলমান অভিযান নিয়ে গত রোববার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের সাংসদ সামশুল হক চৌধুরী। দুর্নীতিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন কারও নাম উল্লেখ না করে বলেন, ‘আমি ক্রীড়া সংগঠক। দেশে আমার মতো ক্রীড়া সংগঠক আছেন কয়েকজন। তাই বলতে পারি, ক্লাব পরিচালনার জন্য জুয়ার আসর বসানো বৈধ করার সুযোগ নেই। আমিও ক্লাব চালাই। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে এর সভাপতি। কিন্তু আজ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নে কোনো ক্লাবঘর করিনি। এসব ছাড়াই ব্রাদার্স ক্রিকেট ও ফুটবলে নিয়মিত চ্যাম্পিয়ন হয়ে আসছে।’ ক্লাবঘর করা হলে সেখানে অনৈতিক ও অবৈধ কাজ হতে পারে বলে উল্লেখ করে মেয়র আ জ ম নাছির বলেন, ‘আমি তো আর সবকিছু চোখে চোখে রাখতে পারব না। মানুষের বিনোদন প্রয়োজন। তবে তা হতে হবে নির্মল বিনোদন। ক্রীড়াঙ্গন হচ্ছে এর প্রধান মাধ্যম। তাই পবিত্র অঙ্গনকে কলুষিত করার সুযোগ দেওয়া হবে না।’ সভায় মেয়র আ জ ম নাছির বলেন, ‘যাঁরা জুয়ার বোর্ড বসাবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী এটা করবেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন