
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাম্প্রতিক ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ইউজিসির সদস্য অধ্যাপক আলমগীর হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. কামাল হোসেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মৌলি আজাদ। ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. কাজি শহীদুল্লাহ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করবো।’ এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে বঙ্গবন্ধুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনার সত্য অনুসন্ধানে তথ্য জানাতে চিঠি দিয়েছিল।