
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটির প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। রাজী হাসান বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সম্রাট ও এমপি শাওনের ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে। যাদের নামে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই দুজনের ব্যাংক হিসাব খতিয়ে দেখার জন্য বিএফআইইউ-এর কাছে চিঠি দেয়। এনবিআরের চিঠি পাওয়ার পর দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠায় বিএফআইইউ। বিএফআইইউ আরও যাদের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে, তারা হলেন, ফাজানা চৌধুরী, প্রশান্ত কুমার হালদার, আফসার উদ্দীন মাস্টার, আয়েশা আক্তার, শামীমা সুলতানা, শেখ মাহামুদ জোনাইদ, মো. জহুর আলম, এসএম আজমল হোসেন, ব্রজ গোপাল সরকার ও শরফুল আওয়াল। মানি লন্ডারিং ও অর্থপাচার ঠেকাতে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে বিএফআইইউ।