
নিউজ ডেস্কঃ দেশজুড়ে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, ‘জাতিসংঘে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়ে গেছেন, তা অত্যন্ত পজেটিভ। এই অভিযান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের বহিঃপ্রকাশ।’ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাভার সেনানিবাসের মিলিটারি ফার্মে অত্যাধুনিক মিল্কিং পার্লারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চলমান অভিযানকে অব্যাহত রাখার তাগিদ দিয়ে সেনাপ্রধান বলেন, ‘ঠিকঠাক মতো এই অভিযান চললে অনেক অপরাধ কমে আসবে। এছাড়া সেনাবাহিনীর নাম ভাঙিয়ে সৈনিক ক্লাব কিংবা রিটায়ার্ড আর্মড ফোর্সেস ক্লাবের নামে যারা এ ধরনের অনৈতিক কার্যক্রম চালিয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হবে।’ তিনি আরও বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে আরও খোঁজ-খবর নিতে বলা হয়েছে। আমি নিশ্চিত করে বলছি, এ বিষয়ে আমাদের যা করণীয় আমরা তা করব।’ এ সময় আরও উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক, মাস্টার জেনারেল অফ অর্ডন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক, নয় পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আকবর হোসেন।