
নিউজ ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ফয়সাল মাহামুদ (৮) নামের এক শিশুকে হত্যার দায়ে এক তরুণকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান আজ সোমবার দুপুরে এ রায় দেন। সাজা পাওয়া আসামির নাম মো. ইদ্রিস জমাদ্দার (২৩)। তিনি উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের বাসিন্দা। হত্যার শিকার ফয়সাল মাহামুদের বাড়িও ঘোষের টিকিকাটা গ্রামে। সে ওই গ্রামের কাতারপ্রবাসী বাদল জমাদ্দারের ছেলে। ফয়সাল স্থানীয় তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
আসামিপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, মামলার এজাহারে ইদ্রিস জমাদ্দার সন্দেহভাজন আসামি ছিলেন। পরে অভিযোগপত্রে তাঁকে আসামি করা হয়। ইদ্রিস ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি। সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন।