
নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাকে আমদানি শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার ( ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সমন্বয়ে গঠিত বাণিজ্যিক জোট) সফরের প্রথম পর্যায়ের বৈঠকে বুধবার (২১ আগস্ট) বাংলাদেশকে এই আশ্বাস দেওয়া হয়েছে। বুধবার রাতে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। উল্লেখ্য, ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রবেশে আমদানি শুল্ক ৩৫ শতাংশ। বে রাজিলের বাণিজ্যমন্ত্রী এবং বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একান্ত বৈঠক করেন। বৈঠকে টিপু মুনুশি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্যের বিপুল চাহিদা রয়েছে ব্রাজিলে। বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ। ব্রাজিলের আমদানি শুল্ক বেশি হওয়ার কারণে প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশি পণ্য রফতানি সম্ভব হচ্ছে না। ফলে দু’দেশের বাণিজ্য ব্যবধান বেড়েই চলছে।
পণ্যের রফতানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এজন্য বাণিজ্যমন্ত্রী দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধির জন্য ব্রাজিলের ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বা রাজিলে সফররত ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সরকারি দফতরের প্রতিনিধি, বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক, বিকেএমইএ -এর প্রতিনিধি, ওষুধ শিল্পের প্রতিনিধি, ঢাকা চেম্বার অব কমার্সের ব্যবসায়ী নেতারা প্রতিনিধি দলে রয়েছেন।