News71.com
 Bangladesh
 23 Sep 19, 01:44 PM
 67           
 0
 23 Sep 19, 01:44 PM

চাঁদা না পেয়ে পুকুরে বিষ॥ প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন

চাঁদা না পেয়ে পুকুরে বিষ॥ প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন

নিউজ ডেস্কঃ নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর দুটি পুকুরে বিষ ঢেলে প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে পুকুর দুটিতে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ী রতন চন্দ্র বর্মণ ওই গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানায়, রতন চন্দ্র বর্মণ স্থানীয় লোকজনের কাছ থেকে দুটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি মুঠোফোনে রতনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। চাঁদার টাকা না দিলে তাঁর পুকুরে বিষ দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় তাঁকে। কিছুদিন আগে তাঁর বড় ভাই নগেন্দ্র চন্দ্র বর্মণের পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা। সেই ভয়ে রতন চাঁদার টাকা দিতে রাজি হলেও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


এরই মধ্যে দুর্বৃত্তরা নির্দিষ্ট স্থানে চাঁদার টাকা রেখে আসতে বললে রতন পুলিশের সহযোগিতায় টাকা নিয়ে নির্দিষ্ট স্থানে রাখলেও কেউ টাকা নিতে আসেনি। এ রকম চলতে থাকলে স্থানীয় শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রভাষক আহছান উল্লাহ উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। এরই মধ্যে গতকাল সকালে পুকুরে মরা মাছ ভাসতে থাকে।ভুক্তভোগী মাছ ব্যবসায়ী রতন চন্দ্র বর্মণ বলেন, ‘ধারদেনা করে এই পুকুরে ১৫ লাখ টাকা ব্যয় করেছি। এক মাস পর মাছগুলো বিক্রির উপযুক্ত হতো। এর মধ্যে আমার এত বড় সর্বনাশটি হলো। সকালে এসে দেখি সব মাছ মরে ভেসে উঠছে।’শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, এ ঘটনায় সম্প্রতি একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। কিন্তু বিষ দেওয়ার পর মাছ মরে গেছে এমন কোনো অভিযোগ এখনো (বিকেল সাড়ে ৪টা পযন্ত) পাইনি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন