
নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বরে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ওপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিশ্চিত জেতার মতো পরিবেশ থাকলেই কেবল নির্বাচন যেতে আগ্রহ দেখাবে সরকারি দল। অন্যথায় সীমানা জটিলতাকে ইস্যু দেখিয়ে পিছিয়ে যেতে পারে দুই সিটির ভোট। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনটি নির্বাচন কমিশনের ব্যাপার। তারা সময় হলে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তবে আমি যতটুকু জানি ডিসেম্বরে শিডিউল ঘোষণা হতেও পারে। সামনে আওয়ামী লীগের কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। বিশেষ করে ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। পরের বছরে মুজিববর্ষ। এই দুই ইস্যুতে ব্যস্ততা বেড়ে যাবে দলীয় নেতা-কর্মীদের।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সিটি নির্বাচনে যাওয়ার আগে অনেক কিছু মাথায় নিয়েই নামবে আওয়ামী লীগ। কেননা ঢাকার নিয়ন্ত্রণ কোনভাবেই বিএনপির হাতে তুলে দিতে রাজি নয় সরকারি দল। তাই ভেতরে ভেতরে অনানুষ্ঠানিকভাবে চলছে মেয়র নির্বাচনের সম্ভাব্য প্রার্থী খোঁজার কাজ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সোর্স থেকে সম্ভাব্য প্রার্থীদের খোঁজ-খবর নেওয়া শুরু করেছেন।জানা গেছে, চলতি বছরের মার্চ মাসেই বিভিন্ন সংস্থা থেকে রিপোর্ট গেছে আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে। ওই রিপোর্টেই মূলত মেয়র-কাউন্সিলরদের ভাগ্যের শিঁকে ছিঁড়বে। সম্ভাব্য প্রার্থীর প্রত্যেকের পোস্টমর্টেম রিপোর্ট এখন প্রধানমন্ত্রীর টেবিলে। বর্তমানে দুই সিটির মেয়রসহ আওয়ামী লীগের যেসব কাউন্সিলর রয়েছেন তাদের পাঁচ বছরের কাজের মূল্যায়ন করা হচ্ছে। কাউন্সিলরদের মধ্যে যাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, কাজে নিষ্কৃয়তা পাওয়া যাবে তাদের আর ওই পদে রাখতে চায় না আওয়ামী লীগ।