
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুয়া, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে চলমান অভিযান চালিয়ে যেতে বলেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আমি অনুপস্থিত থাকলেও এই অভিযান যেন চলমান থাকে। অপরাধ অপকর্মের বিরুদ্ধে দুর্বৃত্তায়ন দুর্নীতির চক্র ভেঙে দিতে হবে। এটা স্পষ্ট উচ্চারণ করেছেন শেখ হাসিনা। এখানে কারো সঙ্গে কোনো আপোষ বা কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অপরাধী যেই হোক- ছাড় পাবেন না। যতদিন দুর্নীতি ও মাদক থাকবে ততদিন অভিযান চলবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে শুক্রবার ঢাকা ত্যাগ করেন। টানা ১১ দিনের এই সফরে প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ’র ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। এক অক্টোবর ভোরে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।