News71.com
 Bangladesh
 23 Sep 19, 12:47 PM
 98           
 0
 23 Sep 19, 12:47 PM

দেড় হাজার কোটি টাকা ঘুষ কেলেঙ্কারি॥ গণপূর্তের প্রধান প্রোকৌশলী রফিকুল লাপাত্তা  

দেড় হাজার কোটি টাকা ঘুষ কেলেঙ্কারি॥ গণপূর্তের প্রধান প্রোকৌশলী রফিকুল লাপাত্তা   

নিউজ ডেস্কঃ গণপূর্তের দুর্নীতিবাজ প্রধান প্রোকৌশলী রফিকুল ইসলাম ও তার সহযোগী অতিরিক্ত প্রধান প্রোকৌশলী আব্দুল হাই গা ঢাকা দিয়েছে। জানাগেছে সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের টাকার নেশা অনেক আগের। অতিরিক্ত প্রধান প্রকৌশলী হওয়ার সময়েই ফুলতে শুরু করেন তিনি। টের পান টাকার কুমির হতে পারবেন প্রধান প্রকৌশলী হলে। তাই মোটা অঙ্কের টাকায় সরকারের বিভিন্ন পর্যায়ে লবিস্ট নিয়োগ করেন তিনি। অন্তত ২৫ কোটি টাকা খরচ করে পদোন্নতি নেন কাঙ্ক্ষিত পদে। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান রফিকুল। এরপর তিনি টাকা ছাড়া আর কিছুই চিনতেন না। পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া, ঠিকাদারি কাজের কমিশন, বদলি, নিয়োগ- সবকিছুতেই টাকা দিয়ে খুশি করতে হতো তাকে। এভাবে তিনি শত শত কোটি টাকার মালিক হয়েছেন। দেশে-বিদেশে তার বাড়ি, ফ্ল্যাটসহ সহায়-সম্পত্তির ইয়ত্তা নেই। সম্প্রতি র‌্যাবের হাতে আটক যুবলীগ নেতা জি কে শামীমও জিজ্ঞাসাবাদে এই রফিকুল ইসলামের নাম বলেছেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে শামীম জানিয়েছেন, গণপূর্ত অধিদপ্তরে ঠিকাদারি কাজ করতে গিয়ে সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাইকে দেড় হাজার কোটি টাকা ঘুষ দিতে হয়েছে তাকে। জানাগেছে জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড প্রাইভেট লিমিটেড গণপূর্ত অধিদপ্তরের অধীনে পাঁচ হাজার ২০৭ কোটি টাকার ঠিকাদারি কাজ করছে। এমনকি যাদের হাতে তিনি আটক হয়েছেন, সেই র‌্যাবের হেড কোয়ার্টার নির্মাণের জন্য ৫৫০ কোটি টাকার কাজও করছে তার ঠিকাদারি প্রতিষ্ঠান। অবশ্য বালিশ কেলেঙ্কারির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তবে অনেক দিন ধরেই জি কে শামীমের ফার্ম পূর্ত ভবনে ঠিকাদারি কাজ করে আসছে।

জানাগেছে রফিকুলের প্রধান সহযোগী ছিলেন সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই। এ ছাড়া কয়েকজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীও তাদের সঙ্গে ছিলেন। রফিকুল ইসলাম সরাসরি ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায় করতেন। পাশাপাশি সব নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলীকেও প্রতি মাসে মোটা অঙ্কের মাসোহারা দিতে হতো রফিককে। ঠিকাদারি কাজ দিতে তিনি আগে থেকেই তিন থেকে ১০ শতাংশ কমিশন নিতেন। এর বাইরে অন্য প্রকৌশলীরা যে কমিশন পেতেন, তাদের থেকেও তাকে কমিশন দিতে হতো। দায়িত্ব ছাড়ার আগে একদিনে সবচেয়ে বেশি বদলির রেকর্ডও করে গেছেন রফিকুল ইসলাম। জি কে শামীম গ্রেফতারের পর থেকেই রফিকুল ইসলাম ও আব্দুল হাই গা ঢাকা দিয়েছেন। ফোনও বন্ধ রয়েছে তাদের। এমনকি গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটটিও তারা বন্ধ করে দিয়েছেন। যাতে কেউ কর্মকর্তাদের ফোন নম্বর না পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন