
নিউজ ডেস্কঃ ঘুষের টাকাসহ দিনাজপুর জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিট কর্মকর্তাসহ দু’জনকে আটক করেছে দুদক। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয়। দুদক কর্মকর্তারা জানান, হিসাবে গরমিল দেখিয়ে দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী খলিলুর রহমানের পেনসনের ১ লাখ ২০ হাজার টাকা কম দেয়া হয়। পুরো টাকা পেতে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিট কর্মকর্তা আনোয়ার পাশা ও তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার ফেরদৌস হোসেন। বাধ্য হয়ে ৩০ হাজার টাকা ঘুষ দেয়ার সময় হাতেনাতে তাদের আটক করে দুদকের একটি দল।