
নিউজ ডেস্কঃ ১৪ বছর আগে সারাদেশে সিরিজ বোমা হামলার মামলায় নিষিদ্ধ সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে ১২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দুই নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আল মামুন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল্লাহ আল সুহাইল, হাবিবুর রহমান হাবিব, মো. মুসা ওরফে মুস্তাফিজুর রহমান ওরফে মিন্টু, মো. আবদুর রহমান মাসুদ, মো. নূরুল ইসলাম ওরফে উজ্জ্বল। এর মধ্যে হাবিব ও মিন্টু পলাতক। আসামিদের ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বলা হয়, আসামিরা ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টার দিকে রাজধানীর খিলক্ষেত ওভারব্রিজের কাছে রাজউক মার্কেটের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় খিলক্ষেত থানার এএসআই মোহাম্মদ কাওসার আলম মামলা করার পর ওই বছরের ২ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়।