
নিউজ ডেস্কঃ ক্যাসিনো আইনসম্মত ব্যবসা নয়। বেআইনি এ ব্যবসা কাউকে করতে দেয়া হবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আসাদুজ্জামান খান বলেন, রাজনৈতিক নেতা হোক, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হোক, জনপ্রতিনিধি হোক- কাউকেই আইনসঙ্গত নয়, এমন ব্যবসা করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঁদাবাজি ও আইনবহির্ভূত সব ব্যবসার বিরুদ্ধে অভিযান চলছে।
এদিকে, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, কোনো মন্ত্রী, সাংসদও যদি দুর্নীতিতে জড়িত হয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দুর্নীতি ও অপকর্ম করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না বরং তার উল্টোটাই হয় বলে নেতাদের জানিয়ে আসছিলেন প্রধানমন্ত্রী। আর সেই দুর্নীতি ও অপকর্মকারীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সোচ্চার হওয়ার ইঙ্গিত দিলেও নেতারা তা আঁচ করতে পারেননি। প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন, তার ভিত্তিতে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদত্যাগ করেছেন। ওই দিনের (৮ সেপ্টেম্বর) সভাতেই তিনি ইঙ্গিত দিয়েছেন জানান কৃষিমন্ত্রী।