
নিউজ ডেস্কঃ প্রায় ৫৪ বছর পর আগামী বছর জুলাই মাসে আবারও শুরু হবে চিলাহাটি-হলদিবাড়ি ট্রেন চলাচল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। শনিবার দুপুরে নীলফামারীর চিলাহাটি রেল স্টেশনে ‘ভারতের সঙ্গে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এর আগে এখানে রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় চিলাহাটি-হলদিবাড়ি ট্রেন রুটটি চালু হচ্ছে। এই পথ দিয়ে সহজেই এই অঞ্চলের মানুষ দার্জিলিং এবং কলকাতা যেতে পারবেন। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই রেলপথটি বন্ধ হয়ে গেলে আর চালু হয়নি। বাংলাদেশ-ভারত সরকারের উদ্যোগের ফলে সোনালী যুগ হিসেবে প্রসারিত হবে এই রেলপথ। ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেন, ভারত সরকার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে। রেলপথ চালু হলে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণসহ বন্ধুত্বের সম্পর্ক আরও উন্নত হবে।