
নিউজ ডেস্কঃ এক কিশোরীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ইন্টানেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগের মামলায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান খান কামালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কামরুল হাসান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. জাহাঙ্গীর আলম। এর আগে, শনিবার (২১ সেপ্টেম্বর) কিশোরীর বাবা ওই অভিযোগে ঘিওর থানায় মামলা দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে ওইদিনই পুলিশ কামালকে গ্রেফতার করে। এদিকে, এ ঘটনায় কামালকে ঘিওর উপজেলা যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনি। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শনিবার মামলা হওয়ার পর অভিযান চালিয়ে কামালকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে কামালকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।