
নিউজ ডেস্কঃ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে দু’টি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রিতা আক্তার (২৫) নামে এক নারী নিঁখোজ রয়েছেন বলে জানা গেছে। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে শিবচর ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, এদিন সকাল পৌনে ১০টার দিকে পদ্মা নদীর চায়না চ্যানেলে ওই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রিতা সকালে ঢাকা যাওয়ার জন্য স্পিডবোটে উঠেছিলেন। তার বাড়ি ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্পিডবোট ডুবির ঘটনায় রিতা নিখোঁজ রয়েছেন বলে দুপুরের দিকে তার স্বজনরা প্রশাসনকে জানায়। পরে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিয়ন ওই এলাকায় তল্লাশি চালায়। তবে পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় ডুবুরি পানিতে নেমে কাজ করতে পারছিল না।
শিবচর ফায়ার সার্ভিস ইউনিটের প্রধান শ্যামল বিশ্বাস জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত খোঁজ করা হলেও নিঁখোজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। সকাল পৌনে ১০টার দিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর চায়না চ্যানেলে দু’টি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বোট দু’টিতে ৪২ জন যাত্রী ছিল। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হন। অন্যদের উদ্ধার করা হলেও পরে জানা গেছে রিতা নামে এক নারী নিঁখোজ রয়েছেন।