
নিউজ ডেস্কঃ শিল্পীদের অনেকেই তাদের অভাব-অভিযোগ কাউকে জানতে দেয় না উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তারা নিজের বেদনা, নিজের যাতনা গোপন করে অন্যকে আনন্দ দেয়। সমাজকে তারা সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। একটি দাবির সঙ্গে আমি পুরোপুরি একমত যে, শিল্পী সম্মানী বাড়াতে হবে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ‘বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থা’র সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আমাদের স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধের সময় শিল্পীদের অনন্য ভূমিকা ছিল। এমনকি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর গণতন্ত্রকে যখন বন্দি করা হলো, গণতন্ত্রের পায়ে যখন শিকল পরিয়ে দেওয়া হলো, গণতন্ত্র যখন মার্শাল ডেমোক্রেসিতে রূপান্তরিত হলো, তখনও গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের শিল্পীরা অনন্য ভূমিকা পালন করেছে।