
নিউজ ডেস্কঃ দিনাজপুরে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ৩ জন মারা গেছে। ২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অন্যদিকে, মানিকগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরার বিলে নৌকাভ্রমণে যায় ৫ বন্ধু মনোয়ার, অন্তু, রাফিত, আশফাক ও ফারিয়া। একপর্যায়ে নৌকায় পানি ঢুকে গেলে তা ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে, মানিকগঞ্জ সদরের কান্দা-পৌলি এলাকায় খেলতে গিয়ে কালীগঙ্গা নদীতে পড়ে যায় ৪ বছরের শিশু আবু বকর। তাকে উদ্ধার করতে পানিতে নামে তার চাচাতো ভাই মাসুম। এ সময় দু'জনই ডুবে যায় নদীতে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।