
নিউজ ডেস্কঃ নিউইয়র্কে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বইমেলা-২০১৯’ এর উদ্বোধনী বক্তব্যে লেখক ও সাংবাদিক আনিসুল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষকে সামনে রেখে নিউইয়র্কের এই বইমেলা অসাধারণ একটি উদ্যোগ। তিনি বলেন, বঙ্গবন্ধু নিজে একজন সুলেখক ছিলেন। তার কারাগারের রোজনামচা এবং অসমাপ্ত আত্মজীবনী পড়লেই আমরা সেটা বুঝতে পারি।
বঙ্গবন্ধু লেখকদের খুব ভালোবাসতেন উল্লেখ করে আনিসুল হক আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন সবার মানুষ। তাই সবার অংশগ্রহণে এই মেলাকে সফল করতে হবে। জ্যাকসন হাইটসের পিএস ৬৯-এ এই মেলা শুরু হয় শুক্রবার সন্ধ্যায়। এর আগে ডাইভার্সিটি প্লাজায় উদ্বোধনী সমাবেশ হয়। সেখানে বেলুন উড়িয়ে উৎসব-আমেজে এই মেলার উদ্বোধন করা হয়। এসময় রাজনীতিক, শিক্ষক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাধারণ প্রবাসীদের একটি মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।