
নিউজ ডেস্ক: বাংলাদেশ জলবায়ু সংকট মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে আরও অনেক কিছু করার দরকার আছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।তিনি বলেন, যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করতে বাংলাদেশ ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করতে প্রায় ৬০০ কোটি পাউন্ড ব্যয় করবে। রবার্ট ডিকসন বলেন, কীভাবে বাংলাদেশ গত এক দশক ধরে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সামর্থ্য অর্জন করেছে তা অনেক দেশের জন্য অনুকরণীয়। শান্তির আন্তর্জাতিক দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তায় ব্রিটিশ হাই কমিশনার বলেন, জলবায়ু ও শান্তির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। যুক্তরাজ্য জলবায়ু অভিযোজন সম্পর্কে বাংলাদেশের সাথে খুব নিবিড়ভাবে কাজ করছে। হাই কমিশনার ডিকসন বলেন, শান্তি নিশ্চিত করতে যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়াবে।