
জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেনের পদত্যাগের দাবিতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে উপাচার্যপন্থি শিক্ষকদের সংগঠনের 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ'। তবে পদত্যাগের দাবি নয় বরং আলোচনায় উঠে এসেছে সংবাদ বিজ্ঞপ্তির ভাষা ও ভুলে ভরা বাংলা বানান নিয়ে। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপ-উপাচার্যের (প্রশাসন) পদত্যাগের দাবিতে এ সংবাদ বিজ্ঞপ্তি দেন উপাচার্যপন্থি শিক্ষকরা।
বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত এক পাতার এ সংবাদ বিজ্ঞপ্তি মোট ২৩টি ভুল খুঁজে পাওয়া গেছে। একজন উপ-উপাচার্যকে উপাচার্যপন্থি শিক্ষকরা এভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন কিনা সে প্রশ্ন তোলেছেন অনেকে। এদিকে শিক্ষার্থীদের মন্তব্যের তোপের মুখে পড়ে পরবর্তীতে বিভিন্ন গ্রুপ থেকে প্রচারপত্রটি তুলে নিতে দেখা যায়। এই বিষয়ে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, এ বিষয়ে ফোনে কোন মন্তব্য করতে পারব না।'
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগ তুলে উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেনের পদত্যাগ চেয়েছেন উপাচার্যপন্থি শিক্ষকরা। তবে পদত্যাগের বিষয়ে অধ্যাপক আমির হোসেন বলেন, 'উপাচার্য ফারজানা ইসলাম বিভিন্ন সময় আমাকে তার গ্রুপে যোগ দেওয়ার আহ্বান জানান। তবুও আমি আমার আদর্শচ্যুত হতে চাইনি। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অভিযোগ আনা হচ্ছে। আমাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন মাননীয় আচার্য। আমার কোনো কর্মকাণ্ডে কারণ দর্শানো কিংবা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও আচার্যের।'