
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার প্রায় ৮০ শতাংশ মানুষের যাতায়ত পাঁচ কিলোমিটারের মধ্যে। যার মধ্যে অর্ধেকের যাতায়াত হয়ে থাকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে। ঢাকা শহরে বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা এবং পায়ে হেঁটে চলা ও বাইসাইকেল চলাচলের ভালো পরিবেশ না থাকায় প্রতিনিয়ত ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে। ভালো পরিবেশ থাকলে ভবিষ্যতে ব্যক্তিগত গাড়ি বৃদ্ধির লাগাম টেনে ধরা সম্ভব।শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ডিটিসিএ’র তথ্য মতে, বর্তমানে রাজধানীতে সাত লাখ মোটরসাইকেল, দুই লাখ ৮৭ হাজার প্রাইভেট কার এবং ৪৫ হাজার জিপ গাড়ি চলাচল করছে। শহরে গণপরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খল থাকায় এবং পায়ে হেঁটে চলার পাশাপাশি বাইসাইকেল চলাচলের ভালো পরিবেশ না থাকায় এ সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। প্রতিদিন প্রায় ৪০টি করে নতুন গাড়ি যোগ হচ্ছে পুরনো গাড়ির সঙ্গে।
ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, এখন ঢাকা শহরে ব্যক্তিগত গাড়িতে করে ১০ শতাংশের নিচে ট্রিপ সংগঠিত হচ্ছে। ব্যক্তিগত গাড়ি বাড়লে যানজটও আরো বাড়বে। বর্তমানে যানজটের কারণে প্রতিদিন লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, জ্বালানির অপচয় হচ্ছে, দূষণ বাড়ছে। ইতোমধ্যে মেট্রোরেল, বাস র্যাপিড ট্রানজিট, সড়ক অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ফুটপাত নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। এগুলো সম্পন্ন হলে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ডিটিসিএ’র অতিরিক্ত নির্বাহী পরিচালক এএসএম ইলিয়াস, ইঞ্জিনিয়ার নাসিম উদ্দিন, গণমাধ্যম ব্যক্তিত্ব নিখিল চন্দ্র ভদ্র প্রমুখ।