
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা পৃথিবীর যে প্রান্তেই পালিয়ে থাকুক, তাদের দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় শিশু একাডেমিতে কেন্দ্রীয় খেলাঘর আসরের দু’দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের সংগঠন খেলাঘর আসরের সঙ্গে যারা যুক্ত, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার জন্য শিশু কিশোরদের অনুপ্রাণিত করে যাচ্ছেন, আমি তাদের স্যালুট জানাই।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন বলেন, যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি কখনো উন্নতি করতে পারে না। ইতিহাস কাউকে ক্ষমাও করে না। আমি মুক্তিযুদ্ধের সময় দেখেছি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখেছি নদীর পানিতে শত শত লাশ ভেসে রয়েছে। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। তাই গর্ব করে বলতে পারি, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত একজন মুক্তিযোদ্ধা আমি।