
নিউজ ডেস্কঃ টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বিরুদ্ধে মামলা করেছেন হামলায় আহত স্থানীয় এক ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার গোপালপুরের হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানা টাঙ্গাইলের গোপালপুর আমলী আদালতে এই মামলা দায়ের করেন। গত রবিবার গোপালপুরের নগদা শিমলা বাজার মোড়ে একদল যুবক ছাত্রলীগ নেতা জুয়েল রানাকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে গুরুতর জখম করে। আদালতের পরিদর্শক তানবীর আহাম্মেদ জানান, বিচারক শামছুল হক মামলার মূল কাগজপত্র দাখিল সাপেক্ষে আদেশের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর পরবর্তী তারিখ রেখেছেন।
মামলার নথি থেকে জানা যায়, বাদী জুয়েল রানা গত রবিবার দুপুরে গোপালপুরের নগদা শিমলা ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মনোনীত প্রার্থীদের নিয়ে মিটিং শেষে নগদা শিমলা বাজার মোড়ে একটি সেলুনে চুল কাটার জন্য যান। সেখানে রাজনৈতিক মত বিরোধের জেরে এমপি তানভীর হাসানের হুকুমে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। রানা বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।