
নিউজ ডেস্কঃ ক্যাসিনো নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ অবৈধভাবে যারা নামে-বেনামে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তাদের সম্পদ জব্দ হচ্ছে। সরকারের একাধিক সংস্থা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিতর্কিত নেতাদের সম্পদের খোঁজ নেওয়া শুরু করেছে। বিতর্কিত যুবলীগ নেতাদের গ্রেফতারের পাশাপাশি মানি লন্ডারিং আইনেও তাদের বিরুদ্ধে মামলা হবে। এরই মধ্যে যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে। ওই মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে। তবে মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলার তদন্ত করবে সিআইডি। অন্য মামলাগুলোর তদন্ত করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, নামে-বেনামে অভিযুক্তদের বিরুদ্ধে কী পরিমাণ সম্পদ রয়েছে তার খোঁজ নেওয়া হচ্ছে। যদি তারা সম্পদের হিসাব দিতে ব্যর্থ হয় তাহলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। ডিবির উত্তর বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, অবৈধভাবে কে কী পরিমাণ সম্পদ অর্জন করেছে তা দেখবে সিআইডি। অস্ত্র, মাদক ও মদের আসর বসানোর যে অভিযোগ রয়েছে তার তদন্ত শুরু করেছে ডিবি। একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, ঢাকায় অর্ধশতাধিক ক্লাব রয়েছে। এর মধ্যে ৩০টি ক্লাবে ক্যাসিনো চলত। যারা এসব ক্লাবের সঙ্গে জড়িত নতুনভাবে তাদের তালিকা তৈরি করছেন গোয়েন্দারা। এসব তালিকা ধরে তাদের সম্পদের খোঁজ নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে কোন হিসাব নম্বরে কার কত টাকা রয়েছে তা জানার প্রক্রিয়া শুরু হয়েছে। যদি সম্পদ অর্জনের সঠিক ব্যাখ্যা দিতে না পারে, তাহলে তাদের ব্যাপারে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।