
নিউজ ডেস্কঃ পুরো জাহাজ ঘুরে দেখতে হলে তিন থেকে চার ঘণ্টা সময় লেগে যেতে পারে। জাহাজটি লম্বায় ৩৪০ মিটার। আয়তনে তা ১৯ হাজার বর্গমিটার। ২৩ বছর জ্বালানি তেল পরিবহনের পর জাহাজটির শেষ গন্তব্য এখন সীতাকুণ্ডের উপকূল। এমন লম্বা জাহাজ গত এক দশকে ভেড়েনি এই উপকূলে। জ্বালানি তেল পরিবহনের এ জাহাজটির নাম ‘এমটি অ্যাটবান’। ২৩ বছরের পুরোনো হলেও জাহাজটির কদর একটুও কমেনি। ১ কোটি ৯১ লাখ ডলার বা প্রায় ১৬১ কোটি টাকায় বিক্রি হয়েছে জাহাজটি। এ জাহাজটি থেকে সরকার রাজস্ব পেয়েছে ১৯ কোটি টাকা। এ হিসাবে জাহাজটির দাম পড়েছে ১৮০ কোটি টাকা। এ ধরনের নতুন জাহাজ কিনতে গুনতে হবে ১ হাজার কোটি টাকা। চট্টগ্রামের উঁচু ভবন আজিজ কোর্টের (৩২ তলা) তিন গুণ সমান লম্বা জাহাজটি। বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন সিটি সেন্টারের দ্বিগুণ। আয়তন হিসাব করলে জাহাজটিতে তিনটি ফুটবল মাঠের সমান। জাহাজটি লম্বায় ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়ে বড়। জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তৈরি হয় জাহাজটি।