
নিউজ ডেস্কঃ জাতীয় জাদুঘর, পাবলিক লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)- এই চারটি গুরুত্বপূর্ণ স্থাপনা আরও বড় পরিসরে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অত্যাধুনিক নকশায় এসব স্থাপনা নির্মিত হলে শাহবাগ থেকে ঢামেক পর্যন্ত স্থাপনায় নান্দনিক সৌন্দর্য আসবে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে ছাত্রলীগের নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে দলটির শীর্ষ নেতাদের সাক্ষাৎ প্রদানকালে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। শুক্রবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার একথা জানান। নতুন করে এসব স্থাপনা নির্মাণের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই স্থাপনাগুলো হবে আন্তর্জাতিক মানসম্পন্ন, আধুনিক সুবিধা সম্বলিত ও নান্দনিক সৌন্দর্যের। এরই মধ্যে পরিকল্পনা ও নকশা প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।