
নিউজ ডেস্কঃ বিদ্রোহী গ্রুপের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ত্যাগ করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা এবং বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে রাকিব। এসময় রাকিব তার কর্মীদের নিয়ে জিয়া হল মোড়ে অবস্থান নেয়। রাকিব ক্যাম্পাসে প্রবেশ করার খবর জানতে পেরে বিদ্রোহী গ্রুপের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে অবস্থান নেয়। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। বিদ্রোহী গ্রুপের কর্মীরা মিছিল শুরু করে জিয়া হলের মোড়ের দিকে আসার খবর পেয়ে ছাত্রলীগ সম্পাদক ক্যাম্পাস ত্যাগ করে।
বিদ্রোহী গ্রুপের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়েও রাকিবকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে বিদ্রোহীরা সাদ্দাম হোসেন হল এবং লালন শাহ্ হলে প্রবেশ করে রাকিব-পলাশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এসময় সাধারণ শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্য আতঙ্ক সৃষ্টি হয়। কমিটিকে অবাঞ্ছিত ঘোষণার পর শুক্রবারই প্রথম ক্যাম্পাসে প্রবেশ করে রাকিব। এদিকে শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে কমিটির নেতারা এবং বিদ্রোহীরা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার এবং তার শাস্তির দাবিতে বেলা ১১টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। এতেও শিক্ষার্থীদের মধ্য বিরাজ করছে আতঙ্ক।