
জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তবে আন্দোলনের মুখে কোনোভাবেই পদ থেকে সরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া আগামী ১ অক্টোবরের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন তারা। পাশাপাশি আসন্ন ভর্তি পরীক্ষায় সকল ভবনে প্রবেশের ক্ষেত্রে উপাচার্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আন্দোলনকারীরা।
এর আগে বুধবার সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা আলোচনা শেষে নতুন কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগ ও অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। তার সমর্থনে ও উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আজকের বিক্ষোভ মিছিলের আয়োজন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আন্দোলন কিংবা আল্টিমেটামে পদত্যাগ করবেন না বলে গণমাধ্যমকে বলেন, 'আমি কোনো আন্দোলনের মুখে পদত্যাগ করব না। আমাকে যারা এই পদে বসিয়েছেন, তারা চাইলে পদ ছেড়ে দেব। তাছাড়া এই বিশ্ববিদ্যালয় তো শুধু আন্দোলনকারীদের নয় আরও অনেকে তো আছে। তারা তো আর পদত্যাগ চাইছেন না।' তিনি আরও বলেন, 'মহামান্য রাষ্ট্রপতি যদি নির্দেশ দেন তবে পদ থেকে সরে যাব। যদি আমাকে নির্দেশ না দেন তবে আন্দোলনকারীদের গালমন্দ খেয়েও থেকে যাব। হয়তো তাদের আন্দোলন আরও দীর্ঘায়িত হবে কিন্তু নির্দেশ আসা না পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করব।'