News71.com
 Bangladesh
 19 Sep 19, 12:53 PM
 100           
 0
 19 Sep 19, 12:53 PM

বাধা উপেক্ষা করেই খালেদা জিয়ার মুক্তি দাবিতে ময়মনসিংহে সমাবেশ হবে॥

বাধা উপেক্ষা করেই খালেদা জিয়ার মুক্তি দাবিতে ময়মনসিংহে সমাবেশ হবে॥

নিউজ ডেস্কঃ সব বাধা উপেক্ষা করেই ময়মনসিংহে আগামী ২৬ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের নতুন বাজারের দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, বাধা দিলে খালেদা জিয়ার মুক্তি দাবির আন্দোলন আরও জোরদার হবে। প্রয়োজনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে সারা শহর অচল করে দেওয়া হবে। আন্দোলনের চাপে সরকার বাধ্য হবে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে পদত্যাগ করতে। তিনি আরও বলেন, মনে রাখবেন আগামী ৩০ সেপ্টেম্বর কারাগারে খালেদা জিয়ার ৬০০ দিন পূর্ণ হবে। মুখে বলে নেত্রীর মুক্তি হবে না। মাঠে নেমে প্রমাণ করতে হবে দেশের মানুষ আপসহীন নেত্রীর মুক্তি চায়।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, খালেদা জিয়ার জামিন সাংবিধানিক অধিকার। কতো খুনি-সন্ত্রাসীরা জামিন পাচ্ছে। কিন্তু খালেদা জিয়া জামিন পাচ্ছেন না। সভায় দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, সাবেক মন্ত্রী সিরাজুল হক, নির্বাহী সদস্য শাহ শহীদ সারোয়ার, ডা. মাহাবুবুর রহমান লিটন, মাহমুদুল হক রুবেল, বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার, রেজাউল করিম খান চুন্নু, মাজাহারুল ইসলাম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন