
জাবি প্রতিনিধিঃ দুর্নীতির অভিযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবি জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া আসন্ন ভর্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে উপাচার্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন তারা। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দীর্ঘ তিন ঘণ্টা আলোচনা শেষে এ দাবি জানান আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, উপাচার্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরে এই গুরুত্বপূর্ণ পদে থাকার তার নৈতিক অধিকার নেই। আগামী পহেলা অক্টোবরের মধ্যে তাকে সসম্মানে পদত্যাগ করতে হবে। নতুবা কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। এর মধ্যে নিয়মতান্ত্রিক কর্মসূচি চলবে। আসন্ন ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে সকল পরীক্ষাকেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা।