
নিউজ ডেস্কঃ ছাত্রলীগ নিয়ে আমি একটা কথাও বলব না। প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়টা দেখছেন।দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে তিনি তার নির্দেশনা দিচ্ছেন। এ বিষয় নিয়ে আমি কেন বারবার কথা বলব?” সংবাদ সম্মেলনে ছাত্রলীগ প্রসঙ্গ আসতেই এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। একটা কথাও বলবেন না জানালেও পরে কিছুটা ব্যাখ্যা দেন সেতুমন্ত্রী। তিনি বলেন, দুজনকেই (শোভন ও রাব্বানী) অব্যাহতি দেওয়া হয়েছে। ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। এই আমলে অপকর্ম হয় না—এটা আমরা বলি না, কিন্তু অপকর্ম হলেই শাস্তির ব্যবস্থা আছে। এটা অন্য দলে নেই। আওয়ামী লীগের এই কালচার আছে, এখানে কেউ অপকর্ম করলে অন্যায় করলে, দুর্নীতি করলে শাস্তির ব্যবস্থা আছে। বিএনপিতে শাস্তির ব্যবস্থা নেই।