
নিউজ ডেস্কঃ যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে, সেগুলো সংগঠনের নিজস্ব ট্রাইবুনালের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এ জন্য কোনো নেতা বা কোনো শাখার বিরুদ্ধে অভিযোগ থাকলে চেয়ারম্যানের ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনার বরাত দিয়ে আওয়ামী যুবলীগ সম্পর্কে কিছু বক্তব্য প্রকাশিত হচ্ছে। আওয়ামী যুবলীগ এসব সমালোচনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।
আওয়ামী যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নতাড়িত, শহীদ শেখ ফজলুল হক মণি প্রতিষ্ঠিত একটি যুব সংগঠন। এই যুব সংগঠনটির প্রধান লক্ষ্যই হলো বাংলাদেশের তরুণ যুবকদের যুবমানস গঠন করা। গত এক দশক ধরে আওয়ামী যুবলীগ তার কার্যক্রমের মাধ্যমে যুবসমাজের মেধা-মনন চর্চার বিকাশের জন্য কাজ করছে। এলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুবজাগরণ কেন্দ্র স্থাপন করেছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে যে সব তথ্য ও বক্তব্য প্রকাশিত হয়েছে, সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনের ভেতর কেউ যেন নৈতিক স্খলনজনিত কোনো অপরাধ না করে সেজন্য শূন্য সহিষ্ণুতা নীতি নিয়ে চলে এ সংগঠন। এজন্য আওয়ামী যুবলীগের নিজস্ব ট্রাইব্যুনাল রয়েছে। এ ট্রাইব্যুনালে যুবলীগের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা তদন্ত ও অনুসন্ধান করা হয়। দোষী নেতা-কর্মী তিনি যেই হোন না কেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।