
নিউজ ডেস্কঃ প্রত্যেক কারখানায় ডে-কেয়ার সেন্টার ও মাতৃদুগ্ধ কর্ণার আছে কি না তা নিশ্চিত করতে পরিদর্শকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, সরকার কারখানার শোভন কর্মপরিবেশ নিশ্চিতে বদ্ধ পরিকর। এক্ষেত্রে গাফিলতির কোনো সুযোগ নেই। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিরডাপ মিলায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ইউনিসেফ আয়োজিত শ্রম পরিদর্শকদের জন্য ‘মাদার্স অ্যাট ওয়ার্ক’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়ের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তোমো হোজুমি উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ২৫ জন শ্রম পরিদর্শক অংশ নেন।