
নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ- নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রুবেল আমিন শিমুল বিজয়ী হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৫ হাজার ৪শ ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম প্রধান চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭শ ২ ভোট। আওয়ামী লীগ প্রার্থী মুন্সি রেজওয়ানুর রহমান নৌকা প্রতীকে ৪ হাজার ৪শ ভোট পেয়ে নির্বাচনে চতুুর্থ হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বি এস ব্রজেন্দ্র নাথ রায় ফলাফল নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিরতিহীন ভোট গ্রহণ চলে। এ ইউনিয়নে নারী ও পুরুষ মিলিয়ে ভোটার ছিলেন ২৯ হাজার ৩৬৭ জন। এ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।