
নিউজ ডেস্কঃ মাত্র ৫৯ মিনিটে গ্রাহকের কাছে ওষুধ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে যাত্রা শুরু করলো অনলাইনভিত্তিক ওষুধ ডেলিভারি প্ল্যাটফর্ম ‘গোমেড কিট’। ওয়েবসাইটের পাশাপশি স্মার্টফোনভিত্তিক অ্যাপসেও কাজ করবে গোমেড কিট। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে গোমেড কিটের কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে গোমেড কিট সম্পর্কে বলা হয়, ব্যস্ততম শহরে দ্রুতসময়ে ওষুধ পৌঁছে দেওয়া এবং প্রেসক্রিপশনবিহীন ওষুধ বিক্রির বিপরীতে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কেনার সচেতনতার উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় প্ল্যাটফর্মটি। সোহানুর রহমান এবং সৌরভ আজম নামের দুই তরুণ উদ্যোক্তা গড়ে তোলেন গোমেড কিট।