
নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রস্তুতি শেষে শুরু হয়েছে হবিগঞ্জের পুরাতন খোয়াই নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। ইতোমধ্যে দখল করে রেখেছে এমন ৬শ’ পরিবার ও প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। সোমবার (১৬ সেপ্টেম্বর) শহরতলীর মাছুলিয়া অংশে অভিযান চালানো হয়। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ভবন ভেঙে ফেলা হয়। হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা বলেন, সোমবার দিনভর উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। পর্যায়ক্রমে সব উচ্ছেদ করা হবে। হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল কবীর মুরাদ বলেন, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ নানা শ্রেণী-পেশার প্রায় ৬০০ পরিবার এবং প্রতিষ্ঠান খোয়াই দখল করে রেখেছে। এরই মধ্যে এদের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে সব উচ্ছেদ করা হবে। যাদের লিজ দেওয়া হয়েছে, এগুলো বাতিল করা হবে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপারে স্থানীয়দের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।