
নিউজ ডেস্কঃ মানবিকতার নীতি বহাল রাখার পাশাপাশি কক্সবাজারের সবার উপকার হয় এমন উপায়ে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং এনজিও অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকার যুক্তরাষ্ট্র মিশন থেকে সোমবার (১৬ সেপ্টেম্বর) পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর কক্সবাজার সফর করেছেন। এই সফরে তিনি রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় মানুষদের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র সরকারের তহবিল পায় এমন সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, ‘স্থানীয় জনগোষ্ঠী এবং বাংলাদেশ সরকারের জন্য রোহিঙ্গা শরণার্থী সংকট যে চ্যালেঞ্জের সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র তা উপলব্ধি করতে পারে। বিপন্ন রোহিঙ্গা শরণার্থীদের জন্য হৃদয় ও সীমান্ত উন্মুক্ত করে দিয়ে বাংলাদেশের জনগণ ও সরকার যে উদারতা দেখিয়েছে তা বিশ্ববাসীর জন্য একটি উদাহরণ।’