
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের হল কমিটিগুলো শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সদ্য দায়িত্ব নেয়া ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। সোমবার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাহিয়ান জয় বলেন, দীর্ঘদিন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটিগুলো গঠন করা হয়নি। এই হলগুলো ছাত্রলীগের শক্তির আঁধার। হল কমিটিতে যাচাই-বাছাইয়ের কিছু ব্যাপার আছে। আমরা দুজন (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য) আজ থেকে দায়িত্ব নিয়েছি মাত্র। শিগগিরই ছাত্রলীগের হল কমিটি ঘোষণার ব্যবস্থা করা হবে। এদিকে দলে অনুপ্রবেশ ঠেকাতে যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে নেতা নির্বাচন করে কমিটি গঠন করা হবে বলে জানান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বলেন, ‘কর্মী যে কেউ হতে পারে, তবে নেতা বানানোর ক্ষেত্রে আমরা কমিটি গঠন করে যাচাই-বাছাই শেষে পদায়ন করব।’