
জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান মেগাপ্রকল্পে দুর্নীতি এবং আন্দোলনকারীদের নিয়ে উপাচার্যের মিথ্যাচারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা। “দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর” ব্যানারে বিক্ষোভ মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে দুপুর একটায় শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুরাদচত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।তবে উপাচার্য ফারজানা ইসলাম তার বিরুদ্ধে তোলা সদ্য সাবেক ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, ‘অভিযোগের তদন্তের জন্য আচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অনুরোধ জানাবো।’ এদিকে, উপাচার্যকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, ‘তিনি যে বলেছেন আমরা তার কাছে গিয়ে চার থেকে ছয় পার্সেন্ট চাঁদা দাবি করেছি, এটা তিনি প্রমাণ করুন।’
একদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অর্থলোলুপ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’। অপরদিকে উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয় উপাচার্য ‘অর্থলোলুপ’ নন বরং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।জাবিতে চলমান আন্দোলনে সক্রিয় থাকা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার নিউজ৭১কে বলেন, আলোচনা আর কর্মসূচি একসাথে চলবে। উপাচার্য তদন্ত প্রক্রিয়ায় প্রবেশ করা পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে।