
নিউজ ডেস্কঃ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদচ্যুত করাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা দেখছেন ‘কড়া বার্তা’ হিসেবে। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ নিজেদের আইন–আদালতের ঊর্ধ্বে মনে করছেন উল্লেখ করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আশা, দলীয় প্রধানের (শেখ হাসিনা) কঠোর অবস্থান ওই সব নেতার ‘কাজে’ লাগাম টানবে । তবে দলটির কেন্দ্রীয় কয়েকজন নেতা এও মনে করেন, দলটির সব পর্যায়ের নেতারা আদৌ এই বার্তা মেনে কাজ করবেন কি না, তা নিয়ে তাঁদের মধ্যেই সংশয় আছে। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ‘নজিরবিহীন’। এটা অতীতে কখনো হয়নি। অপরাধ করলে কেউই ছাড় পাবে না।