
নিউজ ডেস্কঃ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ভারত ও বাংলাদেশ সরকার। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে নিশ্চিন্তপুরের আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত ভারতীয় অংশের রেলপথ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। তবে, সীমান্ত থেকে বাংলাদেশের আখাউড়া রেলস্টেশন পর্যন্ত রেলপথ নির্মাণের কাজের গতি তুলনামূলক কম বলে জানিয়েছেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহ রায়।
রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বাংলাদেশ সহকারী হাই-কমিশনের উদ্যোগে আয়োজিত প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেণ তিনি। এসময় মঞ্চে উপস্থিত বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে আহ্বান জানান, বাংলাদেশ সরকারও যেন কাজটি দ্রুত সম্পন্ন করে আগরতলা-আখাউড়ার মধ্যে সরাসরি ট্রেন চলাচলের ব্যবস্থা করে। জবাবে বাংলাদেশের তথ্যমন্ত্রী জানান, তিনি অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে একথা জানাবেন।