News71.com
 Bangladesh
 16 Sep 19, 11:25 AM
 73           
 0
 16 Sep 19, 11:25 AM

দেশে যে দুর্নীতি ব্যাপকহারে চলছে, তা প্রমাণিত হয়েছে ॥ মির্জা ফখরুল

দেশে যে দুর্নীতি ব্যাপকহারে চলছে, তা প্রমাণিত হয়েছে ॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যে দুর্নীতি ব্যাপকহারে চলছে, ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে বাদ দেওয়ায় সেটি প্রমাণিত হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা খুশি হয়েছি। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশে যে কী হারে দুর্নীতি চলছে, এতে সেটাই প্রমাণিত হয়েছে। শুধু তো একটা প্রকাশ হয়েছে। যেটির কারণে একটা সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে বহিষ্কার করতে হয়েছে। এটা তো সারাদেশেই চলছে। এটিই প্রমাণ করে যে দুর্নীতি কোথায় গিয়ে পৌঁছেছে।


ছাত্রদলের কাউন্সিল বন্ধের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আইন দিয়ে রাজনীতি হয় না। আমি আগেও বলেছি, আদালত দিয়ে যে রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হয়, সেখানেই আমাদের আপত্তি। এটা একটা নজিরবিহীন ঘটনা যে, একটা রাজনৈতিক দলের রাজনীতি নিয়ন্ত্রণ করছে আদালত। আবার সেটা সরকারই করাচ্ছে। সরকারের উদ্যোগেই হচ্ছে। এতে প্রমাণ করে যে, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না, বিরোধীদলেও বিশ্বাস করে না। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে জনগণ। আর দেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হয়ে থাকে। যার মাধ্যমে দেশে একটা প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আজ দু’টিই অনুপস্থিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন